গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে এবং ১০টি দোকান ভাঙচুর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, এদিন বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জের ধরে ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় গুলিবর্ষণ করা হয় এবং সড়কে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তার ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) ও টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)। তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত চরমানিকদাহ গ্রামের আকবরের ছেলে তাসলিম (২৮) এবং শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান (৬) গোপালগঞ্জ আড়াই শ শয্যার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানান, গুলিবিদ্ধ চারজনের শরীরে ছররা গুলির (পিলেট) চিহ্ন রয়েছে। তাদের এক্স-রে করতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা জানান, মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।