আগুন নেভাতে গিয়ে মাথার ওপর ভেঙে পড়ল দেয়াল, আহত দুই ফায়ার ফাইটার

রাজধানীর লালবাগের ইসলামবাগে টিনশেড বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে পড়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেড়িবাঁধসংলগ্ন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৩টা ২৮ মিনিটে ইসলামবাগের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৩টা ৩৭ মিনিটে চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৮টা ২৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিভে যায়।

তালহা বিন জসিম আরও জানান, আগুন নেভানোর সময় বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ওপর থেকে একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে ফায়ার ফাইটার জয় রায় ও আজহারুল আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন আছেন।