যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর দুই শ্রমিক নেতার ওপর অজ্ঞাত দুষ্কৃতকারী কর্তৃক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তবিবুর রহমান ওরফে তবি (৫০) এবং শ্রমিক নেতা মৃত ফজলুর রহমানের ছেলে মো. লোকমান হোসেন (৫০)। উভয় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, বেনাপোল শ্রমিক ইউনিয়ন অফিস থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে বসতবাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে তবিবুর রহমানের ডান পায়ে এবং লোকমান হোসেনের বাম পায়ে লেগে তারা জখম হন।
অপর ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। বিকট শব্দে তবির আত্মীয়-স্বজন এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তবি ও লোকমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং পুলিশ ঘটনাস্থল হতে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ (জালের কাটি) জব্দ করেছে। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসিG