ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ছেলের বিয়ের আনন্দঘন আয়োজনের মধ্যে বাবার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পুরোনো বাড়ি উপজেলার জয়নগর গাজীবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে মোটরসাইকেলে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।