তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আজও দিনের শুরুতেই অন্তত ১০ কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মধ্য দিয়ে শুরু হয়েছে শিল্পাঞ্চলের কার্যক্রম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে খোলা থাকা সকল কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করলেও ১০ কারখানার শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসাবে উৎপাদন কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন।
এছাড়াও শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে হামীম, এনভয়, নীট এশিয়াসহ ২০ কারখানা।
শিল্পাঞ্চলে যদিও আজ দিনের শুরুটা হয়েছে শ্রমিকদের কর্মবিরতির মধ্য দিয়ে তবে সকাল ১০ টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার মজুরি বোর্ডের সভায় মজুরি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত জনবলসহ মাঠে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশের একজন কর্মকর্তা জানান, মজুরি বোর্ডের গঠন, কার্যক্রম এবং মজুরি নির্ধারণের গোটা আইনগত প্রক্রিয়ার সাথে সিংহভাগ শ্রমিকরা পরিচিত নন। তারা শুধু জানেন বোর্ড গঠনের মাধ্যমে অর্থ মজুরি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বোর্ডে উভয় পক্ষের দরকষাকষি বা প্রস্তাব উপস্থাপনের এই প্রক্রিয়ার সাথে পরিচিত না হওয়ায় এবং যেহেতু বিভিন্ন সংবাদমাধ্যমে কত টাকা মালিকপক্ষ সভায় প্রস্তাব করেছেন তার একটি ধারণা প্রকাশ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক এতে বিভ্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
তিনি বলেন, “তৃতীয় যেই পক্ষটি এই আন্দোলনকে উসকে দিতে চাচ্ছে শ্রমিকদের এই দুর্বলতাকে তারা কাজে লাগানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আজ অধিক সতর্কতার সাথে মাঠে অবস্থান করছেন।”
যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০ টা নাগাদ শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
কারখানা বন্ধের তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছেন শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।