ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে চায় গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক এ আবেদন করেন।
আবেদনে বিভিন্ন তথ্যের যাচাই-বাছাই, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারসহ মোট ৫ কারণ উল্লেখ করা হয়েছে।
দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেয় এসআরবি। ওইদিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।