সাতক্ষীরায় সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাস বা অক্সিজেন স্বল্পতায় দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও আরও একজন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, বরেয়া গ্রামের মহানন্দ সরকার (৩৫) ও মো. আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেফটি ট্যাংকের নেমে কাজ করার সময় অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাসের প্রভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও আরও একজন গুরুতর অসুস্থ হন।

স্থানীয়রা দ্রুত অসুস্থদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।