বিএনপি করায় গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পদে থাকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ১৯ নভেম্বর কর্মসূচি চলাকালে পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এতে রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষীরোদ বিশ্বাসের ৩টি বসতঘর ও ১টি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের ২টি বসতঘর, ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ১টি পোল্ট্রি ফার্ম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের ২টি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ক্ষীরোদ বিশ্বাস জানান, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবারই চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে মুঠোফোনে জানান, ঘটনার দিন কাশিয়ানী উত্তাল ছিল। সেদিন পুলিশ থানা থেকে বের হতে পারেনি, এমনকি ফায়ার সার্ভিসও বের হতে পারেনি। হাইশুর গ্রামে চারটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে ভাঙচুরের ঘটনার কথা শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।