খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করার দুই দিন পর তা পুনরায় আঁকা হয়েছে। মাত্র ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর পর এটি নতুন করে অঙ্কিত হলো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ফের প্রতিকৃতিটি আঁকার কাজ করা হয়। এর আগে প্রতিকৃতি বিকৃত করার পর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবারই তারা তা আঁকবেন।
গত রবিবার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের ওই প্রতিকৃতিতে কালি লেপনের চিত্র দেখা যায়। তবে কেসিসির উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য প্রতিকৃতি অক্ষত ছিল।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে। এসব প্রতিকৃতির মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ছবি।
এর আগে গত ৬ নভেম্বর এ দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।
রেজা আর্টের রেজাউল করিম রেজা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ছবি অঙ্কনের কাজ শুরু করেন এবং বিকেলের মধ্যেই তা শেষ করেন।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ছবি প্রতিস্থাপনের কাজে অর্থায়ন করেছে খুলনা সিটি করপোরেশন।