ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ। তার অভিযোগ, দেশীয় গণমাধ্যমগুলো রয়টার্সের প্রতিবেদনের তথ্য একপক্ষীয়ভাবে উপস্থাপন করেছে, যা মূল প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে সুজন মাহমুদ জানান, দেশীয় গণমাধ্যমের শিরোনামগুলো পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, তথ্যটি এসেছে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বক্তব্য থেকে। প্রতিবেদনে ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ উল্লেখ থাকলেও দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের বিষয়টি উল্লেখ করা হয়নি। বরং শিরোনামের শেষে শুধু ‘রয়টার্স’ যুক্ত করায় মুখপাত্রের বক্তব্যকে শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উপ-প্রেস সচিব জানান, ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাসের লেখা রয়টার্সের প্রতিবেদনটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৬ মিনিটে প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়। প্রতিবেদনের শুরু ও সারসংক্ষেপে শেখ হাসিনার পক্ষের বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।
তবে দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু ‘বাংলাদেশের বিমানে দেশে ফিরতে চান’ অংশটি গুরুত্ব পেয়েছে উল্লেখ করে সুজন মাহমুদ অভিযোগ করেন, একই অনুরোধকে বাংলাদেশ সরকার ‘ডিলিউশনাল’ বা অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে, সেই তথ্য শিরোনামে উপেক্ষিত হয়েছে। ফলে পাঠক পুরো বিষয়টি জানতে পারছেন না।
তিনি আরও বলেন, রয়টার্সের প্রতিবেদনে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যও দেশীয় গণমাধ্যমের খবরে বাদ পড়েছে। এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী এবং একজন পলাতক সন্ত্রাসী; তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হাতকড়া পরা অবস্থায় ও কঠোর নজরদারিতে দেশে ফিরতে পারেন। উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ ধরনের কোনো অলীক অনুরোধ গ্রহণ করবে না।
পোস্টে আরও উল্লেখ করা হয়, রয়টার্সের প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য রয়েছে। তিনি বলেছেন, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা প্রত্যাশা করা অযৌক্তিক।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গত এপ্রিল মাসে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মেট্রিক্স চেম্বারের মাধ্যমে শেখ হাসিনার জাল স্বাক্ষর ব্যবহার করে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গ টেনে সুজাউদ্দৌলা বর্তমান ঘটনাকেও একই ধরনের তৎপরতা হিসেবে উল্লেখ করেন এবং ভারতীয় সাংবাদিকের লেখা রয়টার্সের প্রতিবেদনটিকে ‘স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন’ বলে মন্তব্য করেন।