‘যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাহাত্তরের সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে ফিরলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশে এলে তাদের কেন্দ্রীয় কারাগারে যেতে হবে এবং এর কোনো ব্যত্যয় ঘটবে না। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উড়োজাহাজ, হেলিকপ্টার বা কোনো যানবাহন পাঠানোর বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

বিদেশে অবস্থিত বাংলাদেশের প্রতিটি মিশন দেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয় উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বিশ্বের ৮৪টি মিশনের যেকোনো জায়গায় গেলেই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পলায়নের পর থেকে তিনি কোথায় আছেন বা তার অবস্থান কী, তা কেউ জানে না; তাই তিনি কোথায় যাবেন তা এখন অপ্রাসঙ্গিক।

ভারত সরকারের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে খুন-গুম ও রক্তপাতের সঙ্গে জড়িত সাজাপ্রাপ্ত আসামিরা ভারতসহ যেসব দেশে লুকিয়ে আছেন, তাদের সবাইকে বন্দী প্রত্যাবর্তন চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর যখনই তিনি আসুন না কেন, গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে। তিনি অভিযোগ করেন, নেতা-কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে এখন সারা দেশে তাণ্ডব তৈরির চেষ্টা করা হচ্ছে এবং আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা চলছে। শেখ হাসিনার বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে এবং আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াগুলো দেখছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে আগামী ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশ করেছে। এ ছাড়া সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে ই-মেইল করেছিল যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স এবং জবাব চেয়ে পুনরায় বার্তা পাঠিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামির ব্যাপারে দেশের আইন অনুযায়ী যে অবস্থান নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সরকার একই অবস্থান অনুসরণ করবে। এ নিয়ে অহেতুক আলোচনা করে সময় নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও দণ্ডপ্রাপ্ত আসামিদের কেবল আসামি হিসেবেই বিবেচনা করা হবে।