নেত্রকোণায় ইউএনওর কার্যালয়ে অগ্নিকাণ্ড

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লেগেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “ভোর পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অফিসকক্ষ তালাবদ্ধ থাকায় এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে কার্যালয়ের বিভিন্ন অংশ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।