রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হয়।
এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এসময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি জানান, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।