দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এক সরকারি চিঠির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তার বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ কুমারের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০,০০০ টাকা উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

গত ১৫ নভেম্বর দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে হিসাবরক্ষণ কার্যক্রমে অনিয়মসহ বিভিন্ন খাতের ব্যয়ের তথ্য সংগ্রহ করা হয়। এ সময় হিসাবরক্ষকের পরিবর্তে পরিসংখ্যানবিদ মাইনুর রহমানকে দিয়ে হিসাবের কাজ করানোর তথ্যও পায় দুদক।

এছাড়া হাসপাতালের ওষুধ সরবরাহ, রোগীদের খাবার এবং বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে দুদক।

অভিযোগের বিষয়ে জানতে ডা. আমানুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।