দিনাজপুরে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউয়ের মাসব্যাপী রাস মেলা অগনিত ভক্তের পূজা-অর্চনার মধ্যে দিয়ে সোমবার বিকেল থেকে শুরু হয়েছে । মন্দিরের চারপাশে এবং বাইরে বিশাল চত্বর জুড়ে মেলা বসেছে। দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত, পূর্ণার্থী ও দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। সারা রাত অগনিত ভক্তকূল তাদের মনোবাসনা পূরণে মন্দির দর্শন ও প্রার্থনা করেন।
আয়োজকরা জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে রাস মেলায় মিলন ঘটবে সব ধর্মের মানুষের। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জানা যায়, রাজ বংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতিবছর পুর্ণিমা তিথিতে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হয় রাস মেল। রাস পূর্ণিমার রাত থেকেই এখানে ভিড় করেন দেশ-বিদেশের হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শক। দূর-দূরান্ত থেকে তারা এখানে কেউ আসেন মনোবাসনা পূরণে, কেউ আসেন পুণ্য লাভের আশায়, আবার কেউ আসেন মন্দির দর্শনে। রয়েছে অসংখ্য খাবারের দোকান, মৃৎ শিল্প, কারু শিল্প, চুড়ি, শাখা, সিঁদুরসহ নানা ধরনের ধর্মীয় পুস্তকের দোকান । মেলাকে আকর্ষণীয় করতে প্রদর্শনী ও সার্কাস, পুতুল নাচের আয়োজন রাখা হয়েছে। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর ও রংপুর জেলার হাজার হাজার মানুষ রাস উৎসবে যোগ দেন। এমনকি পার্শ্ববর্তী দেশের পর্যটক এবং ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মেলায়।
রাস উৎসবের রাতে মন্দির আঙ্গিনায় রাত্রি যাপন করা মহাপূণ্যের কাজ বলে ভক্তরা বিশ্বাস করেন। কান্তজিউ মন্দিরের নান্দনিক সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছেন বলে জানালেন রাজশাহী থেকে আসা পর্যটক শুকরানা বাবু।
হিন্দু ধর্মীয় নেতা রনজিত সিংহ বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি মেলা বন্ধন কান্তনগর রাস মেলা যুগ যুগ ধরে চলে আসছে। এটি কখনও বন্ধ হয়নি। সব ধর্মের মানুষ এখানে আসেন প্রশান্তির জন্য।”
দিনাজপুর ১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “সব ধর্মের মানুষ এই মেলায় আসেন। মেলায় ধর্মের কোনো বিভেদ নাই। বিশেষ করে দেশি বিদেশি পর্যটক আসেন। মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
প্রসঙ্গত, ১৭৫২ খ্রিষ্টাব্দে মন্দির প্রতিষ্ঠার পর থেকে রাজবংশের পরিবার প্রচলিত চিরাচরিত প্রথা অনুযায়ী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতিতে পুজা অর্চনার মধ্য দিয়ে রাস মেলা অনুষ্টিত হয়ে আসছে।