‘জিয়াউল আহসানকে পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা ঘোষণা করা উচিত’

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মী ও ভিন্নমতের শতাধিক মানুষকে জোরপূর্বক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলায় প্রসিকিউশনের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন। প্রসিকিউশনের অবশিষ্ট যুক্তি উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবারও যুক্তিতর্কের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি কার্যক্রমে অংশ নেন জিয়াউল আহসান।

যুক্তিতর্কে ‘পারসোনা নন-গ্রাটা’ বলতে কী বোঝানো হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়; এ অবাঞ্ছিত ঘোষণা শুধু সেনানিবাসের ভেতরে নয়, বরং এমন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২০-এ ধারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে, সেই বিষয়টি বোঝাতেই প্রতীকী ও আক্ষরিক অর্থে এ কথা বলা হয়েছে। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।

যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, এই মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছিলেন, জিয়াউলকে সেনানিবাস থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল। তবে যাদের হত্যা করা হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না উল্লেখ করে চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন।

সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন।

সাংবাদিকদের কাছে আমিনুল ইসলাম দাবি করেন, এ মামলায় প্রসিকিউশনের সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং প্রত্যক্ষদর্শী; তাদের সামনে বা অংশগ্রহণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তার বেশি মানুষকে ট্রলারে করে বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো এবং সেখানে নানা ঘটনা সাজিয়ে হত্যা করা হতো। কাউকে বালিশ চাপা দিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

চিফ প্রসিকিউটর আরও বলেন, লাশ নদীতে ফেলার কারণে সেগুলো উদ্ধার করা কঠিন ছিল এবং জলজ প্রাণীর কারণে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হতো। তারপরও ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজনের লাশ পাওয়া গেছে, যাদের একজন নজরুল ও অন্যজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হলেও সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এ সংখ্যা চূড়ান্ত নয়; গুম সংক্রান্ত চলমান তদন্ত থেকে আরও তথ্য আসতে পারে। সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী, ২০ থেকে ২৫ বার চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালানো হয় এবং প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল।