দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে সংবাদমাধ্যম কর্মীদের অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনে সারাদেশে পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি। এবারের নির্বাচনে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদসহ সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনে উঠান বৈঠক, সভা ও মিছিলে প্রচারণা জমে উঠেছে।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০,৪৮২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮,৮২২ জন ভোটার রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪,৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮,৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭,৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫,৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩,৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১,১৫৬ জন ভোটার রয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।