রাজশাহীর বাঘায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দৃশ্যমান থাকাকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিসকক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে এক অভিভাবক সন্তানকে বিদ্যালয়ে দিতে এসে দেয়ালে ছবিটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিসকক্ষে তালা লাগিয়ে দেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অফিসকক্ষের তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি ইনামুল হক জানান, স্থানীয় কয়েকজন ফোন করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির কথা জানালে তিনি সেখানে গিয়ে লোকজনের সমাগম দেখতে পান। তার দাবি, অফিসকক্ষেও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বলে আগে অনেকে তাকে জানিয়েছেন। এ বিষয়ে একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবি সরাতে বলা হয়েছিল। ইনামুলের অভিযোগ, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন এবং দেয়ালে ছবিটি দৃশ্যমান রাখার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা আমেনা খাতুন জানান, তিনি সকাল ৯টার আগেই বিদ্যালয়ে পৌঁছান। এসে দেখেন বারান্দার গেটে তালা লাগানো। তখন একজন সহকারী শিক্ষক অফিসের ভেতরে ছিলেন, বাকি শিক্ষকরা ছিলেন বাইরে। পরে বারান্দার তালা খুলে দেওয়া হলেও অফিসকক্ষে তালা দেওয়া হয়। তার দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত; পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আগে থেকেই বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ আছে।
তিনি আরও জানান, গত ৫ আগস্টের সরকারি নির্দেশনার পর বিদ্যালয়ের সব ছবি নামিয়ে রাখা হয়েছিল। বারান্দার দেয়ালে আঁকা ছবিটিও সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়, মঙ্গলবারও সেটি ঢাকা অবস্থায় দেখেছেন তিনি। কিন্তু বুধবার সকালে নৈশপ্রহরী বারান্দার তালা খুলে অন্য ভবনে যাওয়ার পর কে বা কারা ছবিটি পরিষ্কার করে দৃশ্যমান করেছে, তা তিনি জানেন না। এ ঘটনা নিয়ে তার ওপর বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, “সকালে বারান্দার তালা খুলে আমি অন্য একটি ভবন পরিষ্কারের কাজে যাই। কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছেন, তা আমি দেখিনি। তবে আগের দিন ছবিটি সাদা চুনে ঢাকা ছিল।”
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, “ইউএনও ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।”
এদিকে ছবিটি কে বা কারা পরিষ্কার করে দৃশ্যমান করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।