গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আতঙ্কে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, টঙ্গী, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, বৈরাগীর চালা ও কেওয়াসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতির কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “দিনের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কারখানা খোলা রয়েছে, সেসব কারখানায় শ্রমিকদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে দেখা গেছে। এখন পর্যন্ত জেলার পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু করেছেন।”