মুন্সীগঞ্জের সদরে মোল্লাকান্দি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেলিম নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রহিম মোল্লাও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত সপ্তাহেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘাতে জড়ায় দুই পক্ষ। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া ও সামারচর ছাড়িয়ে আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় দুইপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।