এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশন অনুযায়ী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে দায়ের করা মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ঝালকাঠি জেলার বাসিন্দা এই কর্মকর্তা সর্বশেষ গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে’ জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ৬২ জনকে আসামি করা হয়।