রাজশাহীতে খেজুরের গুড়ের ঐতিহ্যে ভেজালের থাবা

শীত এলেই রাজশাহীর গ্রামাঞ্চলে শুরু হয় খেজুরের রস সংগ্রহের উৎসব। গাছিরা ভোরে রস সংগ্রহ করে জ্বাল দিয়ে তৈরি করেন সুস্বাদু খেজুরের গুড়। একসময় এই গুড়ের স্বাদ ও ঘ্রাণ ছিল রাজশাহীর গ্রামীণ ঐতিহ্যের পরিচয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে সেই ঐতিহ্যের আড়ালে এখন বিস্তার ঘটেছে ভেজালের কারবার। খেজুরের রস ছাড়াই চিনি, চিটাগুড়, আটা, কাপড়ের রং, রাসায়নিক ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ গুড়, যা খাঁটি খেজুরের গুড়ের নামে বাজারে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলায় দেড় শতাধিক ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। প্রতিটি কারখানায় এক রাতেই ২০০ থেকে ৩০০ কেজি গুড় উৎপাদন হচ্ছে। অথচ প্রকৃত গাছিদের অল্প পরিমাণ গুড় তৈরি করতেই দিনভর পরিশ্রম করতে হয়। এতে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

বাঘা উপজেলার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলাম বলেন, ‘‘আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না।’’

চারঘাট উপজেলার রাওথা গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, রাসায়নিক ফ্লেভার ব্যবহারের কারণে ভেজাল গুড়ে আসল গুড়ের চেয়েও বেশি ঘ্রাণ পাওয়া যায়। বড় আড়তদারেরা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে বিপুল পরিমাণ গুড় তৈরি করাচ্ছেন। এতে প্রকৃত উৎপাদকেরা ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।

ভেজালের বিস্তারের মধ্যেও খেজুরের গুড়ের অর্থনৈতিক সম্ভাবনা কম নয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় খেজুরগাছের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর বড় অংশ রয়েছে বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলায়। শুধু বাঘাতেই রয়েছে প্রায় ১ লাখ ৬২ হাজার গাছ এবং ৬ হাজার ৬০ জন চাষি। মৌসুমে প্রায় তিন হাজার গাছি রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত থাকেন। ফলে এই শিল্পের ওপর নির্ভরশীল হাজারো মানুষের জীবিকা।

পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর অন্যতম বড় গুড়ের মোকাম। স্থানীয় বাজারসংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে প্রতিদিন ১০০ থেকে ১১০ টন গুড় কেনাবেচা হয় এবং সপ্তাহে দুই দিন বড় হাটে সরবরাহ আরও বেড়ে যায়। বাঘার হাটে মৌসুমের শুরুতে প্রতি কেজি গুড় ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি হলেও ভরা মৌসুমে দাম নেমে আসে ১৪০ থেকে ১৬০ টাকায়। পাবনাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারেরা এসব হাট থেকে গুড় কিনে নিয়ে যান।

বাঘা উপজেলার পদ্মার চকরাজাপুর চরের গাছি আবুল হোসেন জানান, চর এলাকায় খেজুরগাছ না থাকায় শীত মৌসুমে অন্য এলাকায় গিয়ে গাছ চুক্তিতে নিতে হয়। এবার তিনি ১২০টি গাছ নিয়েছেন এবং এই মৌসুমি আয় দিয়েই তিন থেকে চার মাস পরিবারের খরচ চালাবেন।

এদিকে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে। গত ১২ ও ১৫ নভেম্বর বাঘার রুস্তমপুর ও পীরগাছায় অভিযান চালিয়ে দুটি কারখানার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে একই এলাকায় আরও কয়েকটি অভিযানে জরিমানা, গুড় ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। চারঘাটের মেরামতপুরেও তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষে আবারও চালু হচ্ছে কিছু কারখানা।

বাঘার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে গুড় তৈরির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় এসব জরিমানা করা হয় এবং জব্দ করা ভেজাল গুড় ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, গুড়ে অনুমোদনহীন রাসায়নিক মেশানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে ডায়রিয়া ও পেটের নানা সমস্যা দেখা দিতে পারে এবং বিশেষ করে শিশুদের খাবারে এমন গুড় ব্যবহার করা উদ্বেগজনক।

বাঘার উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদনে সহায়তা দেওয়া হলে এ খাত আরও লাভজনক হতে পারে এবং বিদেশে রপ্তানির উদ্যোগ নিলেও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান জানান, গাছের পরিচর্যা ও উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে রাজশাহীর খেজুরের গুড় এখন সম্ভাবনা ও সংকটের মুখোমুখি। একদিকে হাজারো মানুষের কর্মসংস্থান ও ঐতিহ্য রক্ষার সুযোগ, অন্যদিকে ভেজালের বিস্তারে জনস্বাস্থ্য ও বাজারের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত নজরদারি, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, গুড়ের মান পরীক্ষা এবং প্রকৃত গাছি ও উৎপাদকদের প্রণোদনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা; তা না হলে বাজারে গুড় থাকলেও হারিয়ে যেতে পারে খেজুরের রসের চিরচেনা স্বাদ ও ঐতিহ্য।