বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকায় নিজের মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার আব্দুর রহিম ফকিরের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, সকালে মায়ের কাছে টাকা দাবি করেন ওই অভিযুক্ত ব্যক্তি। নিহত নিরু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে মা-ছেলের মধ্যে বাগ-বিতণ্ডা হয়।
এর একপর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে তার মাকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায় রবিউল। ঘটনাস্থলে এসে অচেতন নিরু বেগমকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায় প্রতিবেশীরা। সেখানকার চিকিৎসকরা নিরু বেগমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি আটক করে পুলিশ।
ওসি আরও বলেন, “দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় একমাত্র রবিউলকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ওই মামলায় রবিউলকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।