শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ এমপির

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি কোনো মালিক বাড়িভাড়া বাড়ানোর চিন্তা করে থাকেন, তবে তা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। কেউ বাড়িভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষনিকা সভাকক্ষে বাড়ির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বাড়ির মালিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের বেতন বাড়ার পাশাপাশি কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না, এটিই তাদের অনুরোধ। বাড়িভাড়া বাড়িয়ে শ্রমিকদের বিব্রত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

স্থানীয় এই সংসদ সদস্য আরও বলেন, শ্রমিকদের প্রথম স্বার্থ হলো তারা যে শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করেন, সেটিকে টিকিয়ে রাখা। প্রতিষ্ঠান টিকে থাকলে এবং লাভজনক হলে তবেই তাদের চাকরি সুরক্ষিত থাকবে। সার্বিক পরিবেশ ও পরিস্থিতি রক্ষায় বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যেন শ্রমিকদের বোঝান যে তাদের শ্রমে শিল্পপ্রতিষ্ঠান উন্নত ও লাভজনক হলে এবং রপ্তানি বাড়লে শ্রমিক, দেশ ও এলাকাবাসী, সবাই উপকৃত হবেন।

শ্রমিকদের শান্তিতে বসবাস করার এবং কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়ে এমপি বলেন, বাড়িভাড়া না বাড়ানোর বিষয়টি সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্ত।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, দেশকে পিছিয়ে দেওয়ার জন্য, বর্তমান গণতান্ত্রিক সরকারকে বিপদে ফেলার জন্য এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার যে নীলনকশা ও প্রতিবেশী আধিপত্যবাদীর যে চক্রান্ত চলছে, তা প্রতিহত করা হবে। কোনো শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।