ভালো কাজের আশায় ভারতে গিয়ে দীর্ঘ দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশি নাগরিক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর হাতে তুলে দেয়।
ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। পুলিশ ও এনজিওর কর্মীরা জানান, তারা অভাবী পরিবারের সদস্য। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান।
ভারতের কলকাতার দমদম ও তামিলনাড়ুতে বিভিন্ন ধরনের কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে দমদম ও তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে আদালত তাদের দুই বছরের সাজা দেন।
বেনাপোল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, “ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে।”