রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন হামলার লক্ষ্যবস্তু করা না হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, “১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায়, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।”
কর্মকর্তা আরও বলেন, “আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে তো আর কাজ করা সম্ভব হবে না। কারণ স্টাফরা বাইরে কাজ করে। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে একটি অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।”