শীতের দাপট বাড়ছে তেঁতুলিয়ায়, চার দিন ধরেই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ থাকছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০%। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩.৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ ডিগ্রিতে। অর্থাৎ, টানা চার দিন ধরেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হয়। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”