যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন - সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে কোদালের কোপ মাটির নিচে থাকা বোমায় লাগলে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুই শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত ব্যক্তিদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এদিকে গত কয়েক দিন শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।