দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছরে মামলার বিচারপ্রক্রিয়া এগিয়েছে সামান্যই। এই দীর্ঘ সময়ে ৪৯ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। তবে তাদের কাউকেই জেরা করেননি মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির দ্রুত নিষ্পত্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আইনজীবীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মসূচি থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য অবিলম্বে সরকারি গেজেট প্রকাশ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে বিচারাধীন।

বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “আমরা শুরু থেকেই দ্রুত ও ন্যায্য বিচারের দাবি জানিয়ে আসছি। বিচারপ্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই, মামলাটির বর্তমান অগ্রগতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে।”

তিনি জানান, আলিফের বাবা ও মামলার বাদী গত বছরের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এখনো সে বিষয়ে সরকারি গেজেট জারি হয়নি। ফলে মামলাটি দায়রা মামলা হিসেবেই বিচারাধীন রয়েছে; তবে মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে মামলাটি নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।

মামলার বর্তমান গতিতে বিচার শেষ হতে এক যুগও লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রায়হানুল ওয়াজেদ বলেন, “৪৯ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে জেরা, যুক্তিতর্ক এবং রায়ের অপেক্ষা রয়েছে। কিন্তু আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবী একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন। এমনকি সাক্ষীদের কাউকেই তারা জেরা করেননি।”

এ বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য্য বলেন, “মামলার অভিযোগ গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে আমরা আগেই আবেদন করেছিলাম। কিছুদিনের মধ্যে উচ্চ আদালতে সেই আবেদনের শুনানি হতে পারে। এ কারণে আমরা কোনো সাক্ষীকে জেরা করিনি।”

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেদিন আদালত প্রাঙ্গণ থেকে প্রিজন ভ্যানে করে চিন্ময়কে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করলে আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করে মামলা করেন আলিফের বাবা জামাল উদ্দিন। আসামিদের অধিকাংশই রঙ্গম কনভেনশন হল সংলগ্ন বান্ডেল সেবক কলোনির বাসিন্দা।

তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে চিন্ময় দাসকে প্রধান আসামি করা হয়। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় আদালত প্রাঙ্গণে যে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তাতেই অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর হামলা চালান। হুকুমদাতা হিসেবে তাকে এই মামলার প্রধান আসামি করা হয়েছে।