চট্টগ্রামের শাহ আমানত মাজারে অবিস্ফোরিত একটি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার জেল রোডে অবস্থিত মাজারটিতে এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে জেলরোড এলাকায় মাজারের উঠান থেকে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর সংবাদমাধ্যমকে বলেন, “কয়েকজন যুবক টেপ মোড়ানো অবস্থায় বস্তুটি মাজারে রেখে যান। পরে আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুজনকে আটক করে পুলিশে দেন সেখানে উপস্থিত লোকজন।”
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তুটি নিয়ে গেছেন জানিয়ে ওসি বলেন, “আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
মাজারের কয়েকশ গজ দূরেই রয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা জানান, মাজারে রেখে যাওয়া বস্তুটি ককটেল।
চট্টগ্রামের ঐতিহাসিক শাহ আমানত মাজারে প্রতি বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ভক্তরা সেখানে আসেন।



