উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবদুল হামিদের শ্যালক জেহাদ খান

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন জেহাদ খান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠক শেষে তিনি বলেন, “কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আসন্ন উপনির্বাচনে গত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেহাদ খানই আমাদের প্রার্থী থাকবেন।”

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী জেহাদ খান দুই মেয়াদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেহাদ খান পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

শারীরিক অসুস্থতার কারণে ওসমান ফারুক পদত্যাগ করায় গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর জোটগতভাবে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। ওই জোটগত সংলাপে এনসিপিও অংশ নেবে বলে তিনি উল্লেখ করেন।