‘দরকার হয় জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই’

একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

“সবর-মবর এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...” সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াত নেতা, ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে তাতে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।- মুফতি আমির হামজা।’ তবে পরে আমির হামজার পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন; তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান ও আমির হামজা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর-মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই।”

এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, “সেই কথা তো আমরাও বলি।” আমির হামজা বলতে থাকেন, “মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...”

এ বিষয়ে বক্তব্য জানার জন্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।