গাজীপুরের শ্রীপুরে সাবেক দুই জনপ্রতিনিধিকে মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি করা হয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম সমালোচনার ঝড় উঠেছে।
মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তাদের স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, কবর থেকে উঠে এসে কি তারা সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিয়েছিলেন?
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় মৃত দুই জনপ্রতিনিধিসহ ১১১ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি রুজু করেন।
মৃত দুই জনপ্রতিনিধি যাদের আসামি করা হয়েছে, তারা হলেন—গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর (৮ নম্বর ওয়ার্ড) আলী আজগর এবং উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার (১ নম্বর ওয়ার্ড) ইদ্রিস আলী।
তাদের মধ্যে আলী আজগর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া (স্ট্রোক) বন্ধ হয়ে এবং ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলরকে ৯১ নম্বর এবং সাবেক মেম্বারকে ১০৪ নম্বর আসামি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে মৃতের স্বজনরা বলেন, মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাকে মামলার আসামি করা হয়? এটি খুবই দুঃখজনক। বিষয়টি তারা কীভাবে সমাধান করবেন তা তারা বুঝতে পারছেন না।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে। একইসঙ্গে মৃত আলী আজগর ও মৃত ইদ্রিস আলীকেও আসামি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “মামলায় কিভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই দুজনের নাম বাদ দেওয়া হবে।”
এইডা কোন ধরনের আইন কানুন আপনাগো স্যার?
গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত ইদ্রিস আলীর স্ত্রী মৃত স্বামীকে মামলার আসামি করায় বিষয়টি জানতে চেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যক্তিগত নম্বরের মোবাইল ফোনে কথা বলেন। ওসি এবং ইদ্রিস আলীর স্ত্রীর কথোপকথনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম স্যার। আমি ১ নং ওয়ার্ডের যে ইদ্রিস মেম্বার আছাল (ছিল), উনি যে দুই বছর হইলো মারা গেছে... তো উনার নামে কেস হয়, কেস হইলো, তো আপনার নগে (সঙ্গে) কোন জায়গায় স্যার দেহা হয়ছাল? কোন মিছিলে দেহা হয়ছাল? উনার নামে এহন মামলা হয়?
ওসি তখন জানতে চান, কে বলছেন ভাই? নারী বলেন, আমি ইদ্রিস মেম্বারের ওয়াইফ বলছি।
ওসি নারীকে বলেন, আপনি আমার এই নাম্বার কই পাইলেন?
নারী তখন বলেন, নাম্বার আমি সংগ্রহ করছি স্যার। তাইলে হে মৃত মানুষ, দুই বছর হইয়া গেছে, হ্যার নামে মামলা হয়। ওসি বলেন, কোত্থেকে সংগ্রহ করছেন আমার নাম্বার? নারী বলেন, যেখান থেকে আনি স্যার। নাম্বার না পাইলে তো আর আপনারে ফোন দিবার পারি নাই আমি। ওসি তখন বলেন, আপনি আমার সরকারি নাম্বারে ফোন দেন ভাই। যা কথা বলতেছেন, সরকারি নাম্বারে কথা কন।
নারী বলেন, না, এই কথাডাই স্যার আমি আপনারে কইছি যে হে (স্বামী) দুই বছর অইয়া গেছে মারা গেছে, তো হ্যার নামে কেমনে মামলা হয়?
ওসি বলেন, এটা ধরেন আমাদের গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। এই যে মারা গেছে, মৃত্যু সনদ নিয়া আসবেন। মামলা কার্যক্রম শুরু হওয়ার আগেই ওনাকে বাতিল কইরা দেওয়া হবে।
নারী বলেন, না স্যার, আমি মৃত্যু সনদ নিয়া যামু না, হ্যার কবর থাইকা লাশ উঠাই লিয়া পরে হ্যারে ফাঁসি দেক আর মামলা চলুক, হেডা আপনারা বুঝবেন। আহুক তদন্ত, তারে কবরস্থানে নিয়া যামু। এইডা কোন ধরনের আইন কানুন আপনাগো স্যার?
ওসি পরে বলেন, আপনি ভাই আমার সরকারি নাম্বারে ফোন দেন ভাই।
নারী তখন বলেন, আমি আপনার কাছে ফোন দিছি। আপনার নাম্বারটা পাইছি স্যার, আমি ফোন দিছি।