মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ২ সহোদর শিশুর প্রাণহানি

পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে ডুবে যায় ওই শিশুরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির সামান্য দক্ষিণে পুরাতন বাড়িতে বেড়াতে যান। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়েন দাদা। এ সময় দুই শিশু বাড়ি সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে যায় এবং সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষণ পর শিশুদের খাবার খাওয়ানোর জন্য মা ডাকতে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

দুই অবুঝ শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।