মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন দেওয়ার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে মেঘলা পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় বাসে থাকা ১৬ জন যাত্রী নিরাপদে নেমে আসেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে যাচ্ছিলো। এসময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে যাত্রীবেশে থাকা দুই যুবক বাসে আগুন দেন। আগুন লাগার পর সবাই দ্রুত বাস থেকে নেমে যান। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “বাসের পেছনের অংশে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। প্রাণ বাঁচাতে যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নেমে যান। এ সময় আশেপাশের লোকজন ও কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস বলেন, “যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসে  আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। এসময় যাত্রীরা  সবাই নিরাপদে নেমে যায়। ফলে কেউ হতাহত হয়নি।”