ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নিক্ষেপ করা ককটেলটি থানা লাগোয়া ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। তবে ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পায়নি পুলিশ। যদিও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতয়ালী থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে নির্মিত দুইতলা ব্যারাক ভবন-২-এর পাশে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরণ ঘটে। মার্কেটের পেছনেই কোতোয়ালি থানার ব্যারাক ভবনটি অবস্থিত। ভবনটির নিচতলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। ওপরতলায় রয়েছে একটি হলরুম। বিস্ফোরণের স্থানটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ দূরে।
ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা বলেন, “হঠাৎ শব্দে আমরা আতঙ্কিত হয়ে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, থানার মোড়ের পাশ থেকে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘটনাস্থল ঘুরে দেখেছেন।”
ঘটনার সময় থানার অন্য পাশে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, “বিকট শব্দ শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রাথমিকভাবে মনে হয়েছে, কেউ হয়তো ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়েছে।”
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে ককটেলের কোনো আলামত পাইনি। তবে বিস্ফোরণটি খুবই বিকট শব্দে হয়েছে।”
তিনি আরও বলেন, “বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”