রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপকেন্দ্রে নিয়োজিত কর্মীরা জানান, ৮ থেকে ১০ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে উপকেন্দ্রের ভেতরে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তদের ছোড়া ছয়টি পেট্রোল বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

বিস্ফোরিত দুটি পেট্রোল বোমার আঘাতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে সেখানে নিয়োজিত লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় জানান, পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রটি ৩৩/১১ কেভির। এ উপকেন্দ্র থেকে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ বাসাবাড়িতে সরবরাহ করা হয়।

তিনি বলেন, “রাত ২টায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রান্সফরমারে আগুন ধরে গেলেও লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এরপর আবার সরবরাহ স্বাভাবিক হয়।”