চাঁদপুরে ‘মেঘনা এক্সপ্রেসে’ আগুন

চাঁদপুরের কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি কোর্ট স্টেশন থেকে চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নেভান।

তিনি আরও জানান, আগুনে বগিটির দুটি আসন পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। আর চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।