জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। 

সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে। 

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০% এসব প্রতিষ্ঠানের। 

সম্মেলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।