চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন নামে এক শিক্ষার্থী ওই জুনিয়রদের একজনকে ডাকেন। তবে ভৈরবের পক্ষ থেকে জুনিয়রদের রাকিনের কাছে যেতে নিষেধ করা হলে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার কারণে ভৈরবকে চাপ দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টার দিকে বিরোধ মেটানোর উদ্দেশ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সমঝোতা আলোচনায় বসেন। সেখানে দুই পক্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কিন্তু আলোচনা চলাকালেই কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ভৈরব বর্মণ বলেন, “আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করেছিলেন। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল। একপর্যায়ে তারা আমার বন্ধুদের মারেন। এমন পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।”
এ বিষয়ে জানতে শিক্ষার্থীদের আরেক পক্ষের রাকিন ও মো. আবদুল্লাহর সঙ্গে ফোনে একাধিকবার কল করা হলে তারা রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, দুই পক্ষের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, “সাধারণত দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে আমরা তাদের উভয় পক্ষের সঙ্গে কথা বলি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কেউ অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়। তবে গতকালকের ঘটনায় আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”