সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।
নগর পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে আসা কয়েকজন এমএ মালিকের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এ সময় বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন। তবে বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।
উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, “কে বা কারা, কোন দিক থেকে পিকআপে করে এসে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আতঙ্ক তৈরির জন্য এটি করা হয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।