হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০ বাস আটকে রাখলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকানা পরিবহনের বাসচালক ও সহকারীর অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ২০টির বেশি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে বাসগুলো আটকে রাখা হয়। পরে মুচলেকা নেওয়ার পর বেলা আড়াইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর অসদাচরণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বাস আটকে রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২’-এ দেওয়া এক পোস্টে ওই ছাত্রী ঘটনার বর্ণনা দেন।

ওই শিক্ষার্থী জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন তিনি। এ সময় বাসের সহকারী তাদের কাছে ৯০ টাকা ভাড়া চান। তবে তার জানা অনুযায়ী, ওই পথে ভাড়া ৭০ টাকা। এ নিয়ে আপত্তি জানালে বাসের সহকারীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে পুরো ভাড়াই দিতে হয়। এরপরও বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষার্থী পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়ে তিনি অর্ধেক ভাড়া (হাফ পাস) দিতে চেয়েছিলেন। এ সময় বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, “এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে।”

বাস থেকে নামার সময় তার মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে ওই সহকারী তাকে ‘বেয়াদব’ বলেন। বিনা ভাড়ায় তাদের বাসে নিলেও পোষাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬।

এ ঘটনার প্রতিবাদে শনিবার একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসগুলো মুহসীন হলের মাঠে রাখা হয়।

পরে বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, “শিক্ষার্থীরা বাসগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে এলেও এ সময় কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে ডেকে আলোচনা করে। আলোচনায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিকপক্ষকে আশ্বস্ত করা হয়েছে।”

প্রক্টর আরও বলেন, “মালিকপক্ষের প্রতিনিধিরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মুচলেকা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে নেওয়া হবে। পরে পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে আবারও আলোচনা করা হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই যেন পরিবহন কর্মীরা খারাপ আচরণ না করেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।”