দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি, এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।”
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।
ত্রাণমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না।”
আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে ত্রাণমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পূর্বের বক্তব্য পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, “তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।”
পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।
বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।