পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছেন, নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনও তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

নিহত তরুণীর পরিচয় জানতে কেউ সহযোগিতা করতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এ পুলিশ কর্মকর্তা।