চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বগির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী মেইল ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে রেলস্টেশনে যাওয়ার পথে রাত ১১টার দিকে কদমতলী এলাকায় পৌঁছায়। এ সময় দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন ধরিয়ে দেয়।
তিনি জানান, ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। রেলওয়ের কর্মীরা পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন মাস্টার জানান, নির্ধারিত সময় অনুযায়ী রাত ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে পূর্ব জোনের (সদর) নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. মোরশেদ আলম বলেন, “এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”