সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার গ্রেপ্তার

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে রাঙ্গুনিয়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ।

এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। 

এ জন্য শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে পুলিশের কাছে তথ্য ছিল। একই সঙ্গে সাজ্জাদ তালুকদার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাজ্জাদ তালুকদারকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।