কুড়িগ্রাম টেক্সটাইল মিলস: ইজারা বাতিলে থমকে গেলো কর্মসংস্থান

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ইজারা দেওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)। এর ফলে মিল চত্বরে শিল্প কারখানা স্থাপন করে বহুমুখী উৎপাদনের মাধ্যমে হাজারো শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির যে সুযোগ সৃষ্টি দিয়েছিল মাত্র এক বছরের ব্যবধানে তা থমকে গেছে।

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস ইনচার্জ মিজানুর রহমান ইজারা চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে ফের নতুন করে মিলস চত্বরটি ইজারা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিটিএমসি।

বিটিএমসি কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ২৬ জানুয়ারি টেক্সটাইল মিলসটি নবায়নযোগ্য ইজারা পদ্ধতিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ইজারা দেওয়া হয়। একই বছরের ৭ ফেব্রুয়ারি মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ইজারার চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এর ফলে ১৭ বছর বন্ধ থাকা মিলস চত্বরে ফের শিল্প কারখানা চালুর মাধ্যমে জেলার হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হয়। কিন্তু চালুর আগেই চুক্তি বাতিল হওয়ায় সে সম্ভাবনা ভেস্তে গেলো।

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস এর ইনচার্জ মিজানুর রহমান জানান, চলতি বছরের এপ্রিল মাসে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর সঙ্গে চুক্তি বাতিল করে বিটিএমসি। মূলত চুক্তির শর্ত অনুযায়ী কারাখানা স্থাপনের উদ্যোগ না নেওয়ায় চুক্তি বাতিল করে বিটিএমসি।

মিল ইনচার্জ জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা পদ্ধতিতে টেক্সটাইল মিলস চত্বরটি বিটিএমসির কাছে ভাড়ায় চুক্তিবদ্ধ হয়েছিল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। মাসে চার লাখ ছয় হাজার ৫১০ টাকা ভাড়ায় ৩০ বছরের জন্য নবায়নযোগ্য চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। তবে যন্ত্রপাতি স্থাপন ও প্রস্তুতি সম্পন্ন করতে হস্তান্তরের ৩০ মাস পর থেকে বিটিএমসিকে এই ভাড়া দেওয়া শুরুর কথা ছিল।  এর মধ্যে তারা উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে বলে চুক্তিতে উল্লেখ ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে তারা যন্ত্রপাতি স্থাপন কিংবা প্রস্তুতি গ্রহণ করেনি। এজন্য বিটিএমসি তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছে। এখন আবারও ইজারা দেওয়া জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।