ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ সময় রানওয়েতে উড়োজাহাজটির ডান পাশের ল্যান্ডিং গিয়ার অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন।
তিনি জানান, এয়ারবাসের এ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি দিয়ে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট (বিএস-৩৬১) পরিচালিত হচ্ছিল। উড্ডয়নের (টেক-অফ) ঠিক আগমুহূর্তে পাইলট উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।
রিয়াজ উদ্দিন বলেন, “এ সময় ঠিক আগুনের ঘটনা ঘটেনি, তবে ডান পাশের ল্যান্ডিং গিয়ারের অংশে ধোঁয়া উঠতে দেখা গেছে। পরে যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তা প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন।”
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটির বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় রাত সোয়া ৯টায় সৌদি আরবের জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।