ফেনীতে মহিলা মাদ্রাসায় আগুন

দুর্বৃত্তদের আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়ায় উম্মুল মুমিনীন আয়েশা (রহ.) মহিলা আলিম মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার টিনশেড ভবন, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র পুড়ে গেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাদ্রাসার টিনশেড ভবনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনটি চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদ্রাসার সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ অভিযোগ করে বলেন, “এটি কোনো দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে আগুন দিয়ে মাদ্রাসাটি পুড়িয়ে দেওয়া হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রূত আইনের আওতায় দাবী জানাচ্ছি।”

দাগনভূঞা থানার উপপরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে খবর পেয়ে রবিবার সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।