বড় বোনের ধর্ষণের রায় কার্যকর না হতেই দলবদ্ধ ধর্ষণের শিকার ছোট বোন

প্রায় ১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বড় বোন। পরে সন্তানেরও জন্ম দেন তিনি। এ ঘটনার ১৪ বছর পার হলেও অভিযুক্তকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই কিশোরী ছোট বোনকেও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনার ভিডিও ছড়িয়ে দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। ধর্ষণের শিকার ওই কিশোরীর বর্তমান বয়স ১৭ বছর। 

তবে সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় চলতি বছর ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার কবিরহাট থানায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা। পরে অভিযুক্ত এক তরুণকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

ভুক্তভোগীর বাবার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার মো. শিপন (২২) নামের এক তরুণ বাড়ি থেকে তার মেয়েকে নিয়ে যান। এরপর শিপনসহ সাইফুল ইসলাম (২৩) ও মোছলেহ উদ্দিন (২৪) তার মেয়েকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় অভিযুক্ত তিনজন ভিডিও ধারণ করে রেখেছিলেন। কাউকে কিছু বললে এসব ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে তার মেয়েকে হুমকি দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে তিনি তার মেয়ের আচরণের পরিবর্তন লক্ষ করছিলেন। চলতি ২২ নভেম্বর মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন তিনি। পরে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর এলাকার মানুষদের বিষয়টি জানিয়ে তিনি সহযোগিতা চান। পরে এলাকার লোকজন অভিযুক্ত শিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

এ ঘটনায় ২৩ নভেম্বর কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন কিশোরীর বাবা। মামলার প্রধান আসামি মো. শিপন (২২) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনো পলাতক। 

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, ২০১২ সালে তার বড় মেয়েকে ধর্ষণ করেন রাজীব হোসেন নামের এক যুবক। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তার মেয়ে তখন ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এরপর আদালতে মামলা করেন তিনি। 

সে ঘটনায় জন্ম নেয়া ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। 

কৃষক বাবা হতাশা প্রকাশ করে বলেন, এক মেয়েকে ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ চালাতে হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন আরেক মেয়ে ধর্ষণের শিকার হলো। সামনের দিনগুলোতে কীভাবে মামলা পরিচালনা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘‘কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার শিপন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আদালতে ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’ 

ওসি আরও বলেন, ‘‘আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের ঘটনায় আসামির বিরুদ্ধে যদি সাজা পরোয়ানা থেকে থাকে এবং আসামি এলাকায় থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’’